গাইবান্ধায় দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ২১:১৭
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের দক্ষিণ বাসস্টান্ডের অদূরে একটি রিকশা খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল জলিল (৪০) উপজেলা সদরের বাড়াই পাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলাধীন ঢাকা-রংপুর মহাসড়কে বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে রিকশাটি খাদে পড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
অপরদিকে সোমবার রাত ১২টার দিকে শান্তাহার-লালমনিরহাট রেলরুটের জেলা সদর উপজেলার চাপাদহ ৭৬নং রেল গেটের অদূরে একটি ট্রেনের নিচে কাটা পড়ে বাবলু মিয়া (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বাবলু মিয়া জেলা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুম্মা) গ্রামের আফতাব হোসেনের ছেলে।
 
গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম পরিবারের বরাত দিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।