মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষাসহ চার দফা দাবিতে বুধবার সারাদেশে ছাত্র ধর্মঘট চলছে। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ইমরান হাবিব রুমন জানিয়েছেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে বলে জানিয়েছেন । তবে ফাইনাল পরীক্ষা এর আওতামুক্ত আছে।
এর আগে মঙ্গবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ডেকে এই ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়।
সেখানে বলা হয়, প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁসকৃত প্রশ্নপত্রে নেয়া ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়া, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের নির্যাতনের বিচারের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
