গোঁড়ালির ইনজুরির কারণে বাছাইপর্ব খেলতে পারছেন না পোডোলস্কি

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৪:১১

আয়ারল্যান্ড ও জর্জিয়ার বিপক্ষে ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে জার্মানীর হয়ে খেলতে পারছেন না উইঙ্গার লুকাস পোডোলস্কি। এক বিবৃতিতে জার্মান জাতীয় দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সোমবার পোডোলস্কি দলীয় অনুশীলনে যোগ দিলেও পরবর্তীতে আরো কিছু পরীক্ষার পরে নিশ্চিত হওয়া গেছে গ্যালাতাসারের এই উইঙ্গারের গোঁড়ালিতে এখনো সমস্যা আছে। যে কারনে তাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। জাতীয় দলে পোডোলস্কির সতীর্থ করিম বেলারাবিও কাঁধের ইনজুরিতে ভুগছিলেন। কিন্তু বৃহস্পতিবার ডাবলিনে গ্রুপ-ডি’র ম্যাচের আগে এই মিডফিল্ডার সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই ম্যাচে জিততে পারলেই জার্মনীর আগামী বছরে ফ্রান্সের টিকেট নিশ্চিত হবে। রোববার লিপজিগে বিশ্ব চ্যাম্পিয়নরা জর্জিয়াকে আতিথ্য দিবে।


পোডোলস্কির জায়গায় খেলার মত জার্মান দলে বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাদের মধ্যে মার্কো রেয়াস, মারিও গোটজে, আন্দ্রে শুরলে অন্যতম। তবে মূল সমস্যা হচ্ছে পুরো দল একসাথে অনুশীলনের সুযোগ খুব কম পেয়েছে। পুরো দল মিলে মাত্র একটি পূর্ণ অনুশীলনে সেশনে অংশ নিয়েছে। তবে এমন পরিস্থিতিতে দল আগেও পড়েছে বলে মন্তব্য করেছেন প্লেমেকার ইকাই গুন্ডোগান। ডর্টমুন্ডের এই মিডফিল্ডার বলেছেন এ কারনে দলীয় সমন্বয়ের অভাব থাকলেও ম্যাচ শুরু হলে সবাই শতভাগ দেবার চেষ্টা করে। ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা পোল্যান্ড ও আয়ারল্যান্ডের থেকে তাদের পয়েন্টের ব্যবধান যথাক্রমে দুই ও চার। বাসস