বগুড়ার শেরপুরে চোরসন্দেহে আবু জাফর (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাফর বগুড়া শহরের মৃত ছাদেক আলীর ছেলে।
নিহত আবু জাফরের স্ত্রী রেকেবা খাতুন জানান, আবু জাফর সোমবার সকালে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর রাত ১১টায় বাসায় ফোন করে জানায় তাকে শেরপুরের ধাওয়াপাড়া গ্রামের লোকজন আটকে রেখে মারপিট করছে। খবর পেয়ে তার স্ত্রী ও আত্মীয় স্বজন সেখানে ছুটে যায়। কিন্তু গ্রামবাসী তাকে ছাড়তে রাজি না হলে তারা ফিরে আসেন। এরপর গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী আবু জাফরকে সোমবার মধ্যরাতেই শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোরে আবু জাফর মারা যান।
এদিকে গ্রামবাসীর অভিযোগ, আবু জাফর বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে ধরা পড়েছিল।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ মর্গে রাখা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
