ধর্ষণ মামলায় বগুড়ার আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৬:৫৪
 
বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক ও কাগইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি আহমেদ স্বপনকে ধর্ষণ মামলায় গ্রেফতার  করেছে পুলিশ। এক সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে মঙ্গলবার মধ্যরাতে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বুজরুক বুয়ালিয়া (হিরকপাড়া) গ্রামের এক সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ২০০৮ সালের ২৫ আগষ্ট গোবিন্দগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপণের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় স্বপনের বিরুদ্ধে চার্জগঠনের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সম্প্রতি সেই গ্রেফতারি পরোয়ানা বগুড়া পুলিশের কাছে পৌঁছার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গাবতলী মডেল থানার পুলিশ নিজ বাসা থেকে স্বপনকে গ্রেফতার করে।
 
গাবতলী মডেল থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান স্বপনকে গ্রেফতার করা হয়েছে।