চীনের ৩০০০ ফুট উঁচু কাচের ব্রিজে ফাটল

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৮:০৬
 
চীনে ৩০০০ ফুটেরও বেশি উচ্চতায় নির্মিত কাচের ব্রিজটিতে ফাটল দেখা গেছে। একজন পর্যটক ব্রিজটির ওপর দিয়ে হেটে যাবার সময় হঠাৎ করেই কাচে চিড় ধরার আওয়াজ পান। এ সময় তিনি পায়ের দিকে তাকিয়ে দেখেন, সে স্থানে কাচটি ফেটে গেছে।
 
চীনে সম্প্রতি স্বচ্ছ কাচের পাটাতনের সাসপেনশন ব্রিজটি নির্মাণ করা হয়। দেশটির হেনান প্রদেশের ইয়ুন্তাই পর্বতে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের ওপর দিয়ে হাটার সময় বাতাসে ব্রিজটি মাঝে মধ্যেই কেঁপে উঠত। আর তাতে ভয় পেয়ে যেত ব্রিজের ওপর দাঁড়ানো পর্যটকরা।
 
ইনডিপেন্ডেন্ট পত্রিকা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর মাধ্যমে কাচের ব্রিজে ফাটল ধরার বিষয়টি সকলে জানতে পারে। সেখানে এক পর্যটক ছবি প্রকাশ করে জানায়, ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ করেই কাচ ভাঙ্গার আওয়াজ পাই আমি। সেই সঙ্গে আমার পায়ের নিচের অংশ কেঁপে ওঠে। আমি আমার পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম, কাচের বেশ কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছে। আমি জানি না কিভাবে ফাটল ধরল। এ সময় সকলে চিৎকার করতে থাকে।
 
IMG0
তিনি আরো বলেন, 'আমি সামনে থাকা মানুষগুলোকে বলছিলাম, দ্রুত ব্রিজটি থেকে নামো। কেননা আমার পায়ের নিচের কাচে সত্যিকার অর্থেই ফাটল ধরেছে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি।
 
ব্রিজটি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সেনিক স্পটের পক্ষ থেকে জানান হয়, মেরামতের জন্য ব্রিজটিতে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে 'পিপলস ডেইলি চায়না' পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ইন-চার্জের বরাত দিয়ে জানানো হয়, কোন একটি সুচালো ও ভারি কিছু ব্রিজটির ওপর পরেছে। সে কারণেই ফাটল ধরেছে। কিন্তু এতে নিরাপত্তার কোন শঙ্কা নেই। কেননা ব্রিজটির এই কাচের স্তরের নিচে আরো দুটি স্তর রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট।