সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৯:১৬
 
চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম থেকে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখি একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মহাসড়কটির পাঠানীপুল এলাকায় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ দুই জন নিহতসহ আরো নয় জন আহত হন।
 
নিহতরা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া এলাকার আনোয়ার হোসেন (৩৬) ও একই উপজেলার নাজিরপাড়া এলাকার মনোয়ার হোসেন (২২)। আহতদের কেরানীহাট ও দোহাজারীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউছার চৌধুরী জানান, দুর্ঘটনার পর লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।