গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে জার্মানির উন্নয়ন মন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ২১:১৭
 
বাংলাদেশের পোশাক খাতের সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে গাজীপুরের ডিবিএল গ্রুপের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার। বুধবার সকালে কাশিমপুরে ডিবিএল গ্রুপের জিনাত গার্মেন্টে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।
 
এ সময় কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বিষয় দেখে গার্ড মুলার সন্তোষ প্রকাশ করেন। কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ তৈরী পোশাক ক্ষেত্রে, ইতিমধ্যেই একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে। যার একটি আদর্শ উদাহরণ হচ্ছে ডিবিএল গ্রুপ’।
 
এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান প্রমুখ জার্মান মন্ত্রীর সাথে ছিলেন।
 

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, ডিবিএল গ্রুপ তার একটা প্রমাণ। আমাদের তৈরি পোশাককে আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। যার জন্য তৈরি পোশাক শিল্পগুলো কমপ্লাইন ইন্ড্রাটিজে রুপান্তরিত হয়েছে। আমাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে জার্মানি। আমাদের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার মূল্যের তৈরী পোশাক রপ্তানি করবে। সে ব্যাপারে জার্মানীকে আমাদের সাথে পাব।