রাজধানীতে ধানমন্ডির কলাবাগান মাঠ সংলগ্ন সড়কের ফুটপাথ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। অন্যদিকে, দনিয়ায় ছয়তলা ভবনের ছাদ থেকে মাদ্রাসা ছাত্র আসাদুল্লাহ হামীমকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে খিলক্ষেতে মুরাদ হোসেন অন্তর (২০) নামে এক যুবক একটি ভবনের সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মুরাদ উত্তরা এলাকার একটি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন।
খিলক্ষেতের উত্তরপাড়া এলাকায় বহুতল ভবন থেকে পড়ে মারা গেছেন মুরাদ চৌধুরী অন্তর। খিলক্ষেত থানার এসআই প্রিয়তোষ চন্দ্র দত্ত জানান, অন্তর খিলক্ষেতের লেকসিটি এলাকায় কনকর্ড ভবনের একটি মেসে থাকতেন, উত্তরার পলিটেকনিক কলেজে মোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করতেন। মঙ্গলবার তিনি চাচা রায়হান চৌধুরীর উত্তরপাড়ার বাসায় ছিলেন। রাত ৮টার দিকে তিনি ওই বাসার সাত তলা ভবনের ছাদ থেকে লাফ দেন বলে ধারণা করা হচ্ছে। মৃতের মামা আসিফ হাসান বলেন, প্রেমের সূত্র ধরে গত ২০ সেপ্টেম্বর অন্তর স্থানীয় এক তরুণীকে বিয়ে করে। পরে তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামের ভোজপুরের সরদারপাড়ায় যান। খবর পেয়ে ওই তরুণীর বাবা সেখান থেকে মেয়েকে ঢাকায় ফিরিয়ে আনেন এবং পরে আনুষ্ঠানিকভাবে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠানোর কথা বলেন। কিন্তু ঢাকায় আসার পর থেকে অন্তরের সঙ্গে তার স্ত্রীকে যোগাযোগ করতে দেয়া হচ্ছিল না। এই মনোকষ্ট থেকে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
