দলে ফেরার আশা ছাড়েননি যুবরাজ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১০:৫২
ভারত ২০১১ বিশ্বকাপ জিতেছিল তার কাঁধে ভর করে। কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াই করতে গিয়ে দলে জায়গা হারিয়েছেন যুবরাজ সিং। তবে এখনো দলে ফেরার আশা ছাড়েননি এই অলরাউন্ডার, স্বপ্ন দেখেন জাতীয় দলে নিয়মিত হওয়ার।  


৩৩ বছর বয়সী যুবরাজ সিং ভারতের ২০১১ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। কিন্তু বিশ্বকাপ জেতার পরের বছরেই তার ক্যান্সার ধরা পড়ে। এরপর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জেতার পরেও পারফরম্যান্সে দলে নিয়মিত হতে পারেননি। পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামার আগে হার্ড হিটার এই ব্যাটসম্যান বলেন, আমি এখনও খেলাটা উপভোগ করছি। ছোটবেলা থেকে এটাই আমার সব আনন্দের উৎস। যতদিন এমনটা হবে ততদিন আমি খেলে যাব। খেলাটা উপভোগ করতে চাই। জাতীয় দলে খেলার সুযোগ পেলে আমি সেরাটা দিতে প্রস্তুত।

ভারতে হবে আগামী ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ। ঘরের মাটিতে আবারো বিশ্বকাপ সামনে রেখে  তিনি বলেন, বিশ্বকাপ বিশ্বকাপই। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা ওয়ানডে বিশ্বকাপ হোক। বিশ্বকাপ খেলাটা সম্মানের। কিন্তু আমি এখনই বিশ্বকাপের কথা ভাবতে চাই না। কীভাবে নিজের খেলায় উন্নতি করব সেটাই আমার লক্ষ্য। যুবরাজ সিং ভারতের হয়ে ৪০টি টেস্ট, ২৯৩টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যুবরাজ। ক্রিকইনফো