নেত্রকোনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাপ্তাহিক অপরাধ জগতের জেলা প্রতিনিধি মো. মুশফিকুর রহমান ওরফে তুহিন (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তুহিন জেলার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের ফজলুল করিমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা তুহিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আটপাড়া থানার ওসি মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
