চট্টগ্রামে খালাতো ভাইয়ের হাতুড়ির আঘাতে আবদুল কাদের (২২) এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল গেইট এলাকার এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীরকে (২০) আটক করেছে পুলিশ।
নিহত আবদুল কাদের কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাঙ্গ ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, আবদুল কাদের ও আলমগীর ঐ এলাকার জ্বালানি তেলের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। বুধবার দোকানের একটি তেলের ড্রাম ফেলে দেওয়ায় আলমগীরকে দুদফায় মারধর করে কাদের। এতে ক্ষুব্ধ হয়ে গভীর রাতে দোকানে ঘুমন্ত কাদেরকে হাতুড়ি দিয়ে আঘাত করে আলমগীর। গুরুতর অবস্থায় কাদেরকে হাসপাতালে নেওয়ার পর শেষ রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
