নাটোরের সিংড়া উপজেলায় বাসের ধাক্কায় আ. সামাদ (৪৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আ. সামাদ উপজেলার শেরকোলের খাগরবাড়িয়া গ্রামের মৃত হেলাল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ওই মহাসড়কের শেরকোল বাজার এলাকায় নাটোরগামী বিআরটিসি পরিবহনের একটি বাস একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ওই ভ্যান চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় জনতা বাসটিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
সিংড়া থানার এসআই ইব্রাহিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
