সুনামগঞ্জে কলেজ-ছাত্রীকে এসিড নিক্ষেপ, বখাটে আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৬:৩৬
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এক কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে মোহন মিয়া নামের এক বখাটে যুবক। এতে ওই ছাত্রীর মুখ ও হাত ঝলসে গেছে। সে সুনামগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
 
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে এলাকাবাসী মোহন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে লক্ষীপুর গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, এসিড নিক্ষেপের শিকার ওই ছাত্রীকে প্রথমে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, মোহনকে আসামি করে থানায় মামলা হয়েছে।