ঈশ্বরদীতে পুলিশ হত্যা: আটক ৩

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৮:১৬
পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই সুজাউল ইসলামকে হত্যার ঘটনায় পুলিশ তিন আসামিকে আটক করেছে। বুধবার গভীর রাতে ঈশ^রদীর পাকশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকরা হলেন, বাঘইল ঠাকুর পাড়ার মাসুদ রানা, পাকশীর যুক্তিতলা গ্রামের খোকন ও বাঘইল পশ্চিমপাড়ার জনি।
 
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ নিশ্চিত করে জানান, আটকরা এএসআই সুজাউল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সুজাউলকে হত্যার সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে আটকদের এই খুনে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কারণ হিসেবে এরা পেশাদার অপরাধী বলেও বিবেচনা করা হচ্ছে।
 
তিনি আরো জানান, আটকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের পাবনায় পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, রবিবার রাতে মোবাইলে ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এএসআই সুজাউলকে হত্যা করা হয়। পরদিন সোমবার পুলিশ পাকশী রেলওয়ে কলেজের পিছনে একটি হলুদের ক্ষেত থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।