গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি কোচের চাপায় শাহজাহান মিয়া (৩৫) ও আলেফা বেগম (৩২) নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ সময় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলাধীন ঢাকা-রংপুর মহাসড়কের বৈঠাখালি নামক এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহজাহান মিয়া উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি গ্রামের সাবেদ আলীর ছেলে ও আলেফা বেগমের বাড়ি একই ইউনিয়নের মধ্য মেরুপাড়া গ্রামে। আহত ফিরোজা বেগম ও দুই শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহতরা ওই মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী যাত্রীবাহী একটি কোচ সামনে থাকা সিএনজি চালিত একটি অটোরিকশাকে অতিক্রম করতে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয়দের সহায়তায় হানিফ এন্টারপ্রাইজের কোচটিকে পলাশবাড়ী উপজেলায় আটক করা হয়েছে।
