যশোরের একটি আবাসিক হোটেলে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনকে হত্যার দায়ে তার সহযোগী তিন মাদক ব্যবসায়ীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার আশাশুনি উপজেলার আশাশুনি গ্রামের নাজমুল হক (২৭), খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার আব্দুল্লাহ ওমর ফারুক লাবলু (২৫) ও খুলনা জেলার রূপসা উপজেলার শিরগাতি গ্রামের আব্দুর রাজ্জাক বাবু (২৫)। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আব্দুর রাজ্জাক বাবু পলাতক এবং অপর দুইজন রায় ঘোষণার সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এনামুল কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
