নিরাপত্তা ইস্যুকে সামনে দাঁড় করিয়ে বাংলাদেশ সফর বাতিল করা অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, অচিরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশু আনন্দমেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্ভাব্য জঙ্গি হামলার অজুহাতে ১ অক্টোবর অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করে। যদিও বাংলাদেশ বরাবরই বলে আসছে এমন হামলার কোনো সম্ভাবনা বাংলাদেশে নেই।
বিসিবি সভাপতি বলেন, ‘বাতিল হওয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা মহিলা দলকে বাংলাদেশে আনার জন্য বিসিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রিকেটর ভবিষ্যত্ সুন্দর করার জন্যই আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। অচিরেই তারা বাংলাদেশে আসবে।’
খবর ফোকাস বাংলার।
