সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১১:৩৮
সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে সদর উপজেলার যমুনা নদী তীরবর্তী চায়না ক্রসবার বাঁধ মোড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহত আসাদুল ইসলামের (৩৫) বাড়ি টাঙ্গাইলের ভূয়াপুরের গাবসারা ইউনিয়নের মেগারপোটল গ্রামে। তিনি যমুনা নদীর নৌ-ডাকাত দলের সর্দার ছিলেন বলে র‌্যাব ও পুলিশের দাবি।
 
টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকী জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব-১২ মোড়গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে আসাদুল গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
 
তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।