রামগঞ্জে ডাকাতি, ৫ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৩:২৫
লক্ষ্মীপুরের রামগঞ্জে সৌদি প্রবাসী বাহার মিয়ার ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৫ লাখ টাকার অধিক মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চণ্ডিপুর ইউনিয়নের মাসিমপুরে এ ঘটনা ঘটে।
 
প্রবাসীর স্ত্রী ঝর্ণা আক্তার জানান, রাত ২টার দিকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির ছাদের উপর দিয়ে গ্রীলের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকার বেশি মালামাল লুট করে নিয়ে যায়। 
 
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থাকায় পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্থরা মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।