কাশিয়ানীতে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১৫:২৩
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে মেহেদী হাসান মোল্লা (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পিঙ্গুলীয়া গ্রামের ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মেহেদী পার্শ্ববর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র ও পিঙ্গুলীয়া গ্রামের মহাসিন মোল্লার ছোট ছেলে।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ একটি ধান ক্ষেত থেকে মেহেদীর লাশটি উদ্ধার করা হয়। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মেহেদীর প্যান্টের পকেট থেকে তার মোবাইল সেট ও মানিব্যাগটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই ক্ষেতের মধ্যে ফেলে রেখে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (সার্কেল সদর) মো. আমিনুল ইসলাম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।