বগুড়ার শাজাহানপুর ও দুপচাঁচিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ চারজনকে গ্রেফতার করেছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের মধ্যে তিনজন বঙ্গবন্ধু প্রজন্ম লীগ এবং একজন শ্রমিকদল নেতা রয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে শাজাহানপুর থানা পুলিশ মাঝিড়া ইউনিয়নের নতুনপাড়া পানির ট্যাংকি এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি পাইপগান, তিন রাউন্ড বন্দুকের গুলি, একটি চাকু এবং ৩০ পিস ইয়াবা উদ্ধার করে । এ সময় গ্রেফতার করা হয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বঙ্গবন্ধু প্রজন্ম লীগ জেলা শাখার সহ-সভাপতি সাজেদুর রহমান মুন্না (৪৭), সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ (৩৫) এবং শাজাহানপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিপন আহম্মেদকে (৩৪)। তাদের বাড়ি জেলার একই উপজেলায়। শাকিল এবং শিপন সন্ত্রাসী মুন্নার অন্যতম সহযোগী।
অপরদিকে ১৮ মামলার আসামি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল কালামকে কয়েকদিন আগে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে দুইদিনের রিমান্ডে নেয় থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তালুচ বাজারে অবস্থিত তার একটি দোকানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি ওয়ান শুটার ও চার রাউন্ড গুলি উদ্ধার করে ।
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজীউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
