আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২১:০৬
দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ একটি ইউনিটসহ তিনটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার সকালে দুটি ইউনিট ও গত শুক্রবার একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট এখন বন্ধ রয়েছে। এতে করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে ২৭০ মেগাওয়াট।
 
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা গেছে, হাইড্রোজেন কুলারে লিকেজ দেখা দেয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৬৪ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-২ এর উৎপাদন গত শুক্রবার সকালে বন্ধ হয়ে যায়। রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার ভোরে বন্ধ করা হয় ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩। এছাড়া গত শুক্রবার থেকে বন্ধ রয়েছে ৫৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জিটি-২। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের সচল চারটি ইউনিটে প্রায় পাঁচ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
 
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএম সাজ্জাদুর রহমান জানান, বন্ধ ইউনিটগুলোর ত্রুটি মেরামত শুরু করেছে স্থানীয় প্রকৌশলীরা। বৃহৎ ইউনিট- ৩ উৎপাদনে আসতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। তবে ইউনিট-২ ও জিটি-২ উৎপাদনে দ্রুততম সময়ে ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে।