গাজায় ইসরাইলি সেনার গুলিতে পাঁচ ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২৩:৪৮

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সেনার গুলিতে অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। গতকাল গাজার পূর্বাঞ্চলের সীমান্তে ফিলিস্তিনিরা বিক্ষোভ করতে গেলে এই গুলি চালায় সেনারা। গত মাস থেকেই পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর আল-জাজিরা ও রয়টার্সের।

 

গাজার এক ফটো সাংবাদিক এজ জানুউন জানিয়েছেন, আগের চেয়ে আজকের (শুক্রবার) পরিস্থিতি ভয়াবহ। নিহতদের মধ্যে ১৫ বছরের এক বালক রয়েছে। জানুউন বলেন, অন্তত ১৩ জন এই ঘটনায় আহত হয়েছে যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, প্রথমদিকে ইসরাইলি সেনারা রাবার কৌটেড স্টিল বুলেট এবং স্টান গ্রেনেড ছোঁড়ে। এরপর তারা গুলি ছুঁড়তে শুরু করে। গতকাল গাজা শহরে দেয়া এক বক্তব্যে হামাস নেতা ইসমাইল হানিয়েহ ফিলিস্তিনিদের ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ার আহবান জানান, বিশেষ করে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে। তিনি বলেন, আমাদের স্বাধীনতা অর্জনের এটাই একমাত্র পথ। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বেড়ার কাছে প্রায় ২শ’ ফিলিস্তিনি জড়ো হয় এবং তারা পাথর নিক্ষেপ করে। এছাড়া টায়ার জ্তালিয়ে সৈন্যদের দিকে ছুঁড়ে মারে। গাজার আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক মুখাইমার আবু সা’দা বলেন,হামাস এটা স্পষ্ট করেছে যে, গাজা উপত্যকা ইন্তিফাদার একটি অংশ হবে।