ঝালকাঠিতে গ্রাম পুলিশের হামলায় শিশু ছাত্র মো. সাইদ ভূইয়া (৮) আহত হয়েছে। এ ঘটনায় তার বাম হাত ভেঙে গেছে। বুকে ও পিঠে ব্যথা পেয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। সাইদ শহরের স্টেশন রোডের চা বিক্রেতা আবুল ভূইয়ার ছেলে ও পথকলি শিশু বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। হামলাকারী আলী হোসেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বিকালে খেলার সময় কলাবাগান এলাকার বাসিন্দা গ্রাম পুলিশ আলী হোসেনের বাড়িতে ঢুকে যায়। এ সময় আলী হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে ধরে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। কিল, ঘুষি ও লাথি মারার এক পর্যায়ে জাগিয়ে তাকে আছাড় মারে। এতে তার বাম হাত ভেঙে যায়। মাথা, বুক ও পিঠে জখম হয়। চিৎকার করতে থাকলে এলাকাবাসী এসে সাইদকে উদ্ধার করে বাবা-মাকে খবর দিয়ে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ওই শিশুর বাবা আবুল ভূইয়া বাদি হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই হালিম তালুকদার বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
