নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিক বন্দর হিসেবে গড়ে তোলা হবে বলে। তিনি বলেন, সারাদেশে ১২টি বন্দর ছিল আগে। কিন্তু জনবান্ধব শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এখন ২২টি বন্দর স্থাপন করা হয়েছে। ধরিত্রী কন্যা শেখ হাসিনা বাণিজ্যে গতিশীলতা আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার সকাল ১০টার দিকে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে বন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক উপদেষ্ট কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।
এর আগে তিনি পানামা পোর্ট লিংক লিমিটেডে এক কোটি ১০লাখ টাকা ব্যয়ে একটি বহুতল ডরমেটরি ভবন এবং ৪১হাজার ৭২লাখ টাকা ব্যয়ে ১০০ মেট্রিক টন স্কেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় তার সঙ্গে বন্দর পরিচালনা কমিটির চেয়ারম্যান স্বপন কুমার চন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ কাস্টমস এবং জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন ।
