চট্টগ্রামের মিরসরাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে নুরুল আবছার (৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার সোনাপাহাড় গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রোকন উদ্দিনকে (৩২) আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ জানান, মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় স্টিল কোম্পানির নির্মাণাধীন কারখানার স্থাপনা নির্মাণ কাজ করছিল বিএসবি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন নিহত নুরুল আবছার এবং রোকন উদ্দিন। রাতে কাজ শেষ করে এই দুই শ্রমিক নিজেদের মেসে ফিরে যায়। পরে মেসের খাবারের টাকা ভাগাভাগি নিয়ে দুই শ্রমিকের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রোকন উদ্দিন ধারালো ছুরি দিয়ে নুরুল আবছারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা আশঙ্কাজনক অবস্থায় নুরুল আবছারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় রোকন উদ্দিনকে আটক করতে সক্ষম হয়।
