ভারতীয় দলে ধোনির জায়গা নিয়ে প্রশ্ন

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৬:৪৫

ভারতকে ক্রিকেটে সম্ভব সবকিছু জিতিয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারার পরে দলে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠে গেছে!

ভারতের সাবেক পেসার অজিত আগারকার ধোনির অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে বলেছেন। অজন্তা মেন্ডিসের আগে টেস্টে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড করা এই বোলার বলেন নির্বাচক প্যানেলের উচিত ধোনি কী করছে তা খতিয়ে দেখা। শুধু অধিনায়ক হিসেবে নয়, খেলোয়াড় হিসেবে তার পারফরম্যান্স বিবেচনা করা উচিত।

অজিত আগারকার মনে করেন ধোনি আগের মতো ঝড়ো ব্যাটিং করার সামর্থ্য রাখেন না।  তিনি বলেন, ইনিংসের প্রথম বল থেকে ঝড়ো গতিতে ব্যাটিং করার ক্ষমতা ধোনি হারিয়ে ফেলেছে। বাংলাদেশ সফরে সে অর্ডার পরিবর্তন উপরে উঠে ব্যাটিং করেছিল। কিন্তু আমরা তারপরও হেরেছিলাম। ক্যারিয়ারের পুরোটা সময় সে যেভাবে ব্যাটিং করেছে সেভাবে ব্যাটিং করার ক্ষমতা এখন তার নেই। পূর্বে সে চাপ নিয়ে ব্যাটিং করেছে। কিন্তু এখন তার ব্যাতিক্রম হচ্ছে।

 ভারতকে টি টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া তার সময়েই ভারত ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে টেস্ট থেকে অবসর নেওয়া ধোনির সময় ফুরিয়ে গেছে তেমনটা ধারণা দিয়ে আগারকার বলেছেন, ভারতের অন্যতম সেরা ক্রিকেটার ধোনি। কিন্তু দল হারায় তাকে একা দোষারোপ করা উচিত নয়। তবে এখন সময়টা তার নয়। তাকে পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে আগের থেকেও অনেক ভালো পারফর্ম করতে হবে। যদি সে তা করতে না পারে তাহলে তাকে বিকল্প কিছু ভাবতে হবে। ক্রিকইনফো