‘সোনামসজিদ স্থল বন্দরের উন্নয়নে সবকিছু করবে সরকার’

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৮:২৭
‘সোনামসজিদ স্থল বন্দরকে সরকার বন্ধ হতে দেবেনা। এ বন্দরের উন্নয়নে যা যা করা দরকার সবকিছু করবে এ সরকার।’
 
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকার একটি মাঠে স্থানীয় যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী এমপি।
 
মন্ত্রী বলেন, ‘১২২ বছরেও চট্টগ্রাম বন্দরের যে উন্নয়ন হয়নি, মাত্র কয়েক বছরে আমরা তা করেছি। মংলা বন্দরকেও গতিশীল করা হয়েছে। পাশাপাশি সারা দেশের নৌ পথের উন্নয়নে কাজ করছি আমরা। এরই মধ্যে দুই হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।’ 
 
খাদ্য উৎপাদন বাড়ানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান বলেছিলেন দেশে খাদ্য উৎপাদন বাড়লে আমরা বিদেশি সাহায্য পাবনা। কিন্তু শেখ হাসিনার সরকার দেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছে।’ অংকের সূত্র মিলাতে না পারায় খালেদা জিয়া রাজনীতিতে পিছিয়ে পড়েছেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
 
এতে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ উপজেলা যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।