নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে খন্দকার সারজেদ আমিন রিয়াদ (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা তিনটায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোদনাইল এসও রোডের মেঘনা পেট্রোলিয়াম ডিপোর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সারজেদ আমিন রিয়াদ শুক্রবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খুঁজে ছেলের সন্ধান না পেয়ে শনিবার বেলা ১১টায় তার বাবা আমিনুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। শনিবার দুপুরে শীতলক্ষ্যা নদীর এসও রোডের ঘাটে মেঘনা ডিপোর ঘাটে এক কিশোরের লাশ ভেসে উঠে। এ খবর পেয়ে সারজেদ আমিন রিয়াদের আত্মীয়-স্বজনরা ছুটে এসে লাশটি শনাক্ত করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্ল্যাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সারজেদ আমিন রিয়াদ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
খবর ফোকাস বাংলার।
