সাঁথিয়ায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দু’জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোর চারটার দিকে আতাইকুলার সড়াডাঙ্গি তাজিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ সুপার আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত দুইজনের মধ্যে একজন হলেন- নাটোরের সিংড়ার বেলতা প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম (৩০)। অপরজনের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন- সিংড়ার ইয়ারুল ইসলাম, দিনাজপুরের ফরমান আলী ও নওগাঁর বাবলু হোসেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম জানান, ভোরে সংঘবদ্ধ একটি চোরের দল সড়াডাঙ্গি তাজিয়াপাড়া গ্রামের আবুল কালামের গোয়াল ঘর থেকে ৪/৫টি গরু চুরি করে। বিষয়টি বাড়ির লোকজন টের পেয়ে মসজিদে মাইকিং করলে এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তিনজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. সিদ্দিকুর রহমান জানান, ওই এলাকায় মাঝেমধ্যেই গরু চুরি হয়। হতাহতরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।
