ডেভিড সিলভা প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় ম্যানচেস্টার সিটির ইনজুরির তালিকা আরো লম্বা হলো। লুক্সেমবার্গের বিপক্ষে শুক্রবার ইউরো ২০১৬ বাছাইপর্বে খেলার সময় ২৯ বছর বয়সী সিলভা গোঁড়ালির লিগামেন্টে আঘাত পান।
ম্যাচের ১১ মিনিটে পাওয়া ঐ আঘাত থেকে আর বেরিয়ে আসতে পারেননি সিলভা। ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ৪-০ গোলে জয়ী হয়ে আগামী বছরের ফ্রান্সের টিকেট নিশ্চিত করে। এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে ইউক্রেনের বিপক্ষে স্পেনের শেষ বাছাইপর্বে ম্যাচে থাকছেন না সিলভা। কিন্তু একইসাথে ম্যানচেস্টার সিটি থেকে ধারনা করা হয়েছে আগামী এক মাসের জন্য এই প্লেমেকারকে বিশ্রামে থাকতে হবে।
এর আগে বৃহস্পতিবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছইপর্বে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ম্যাচটিতে আর্জেন্টিনা ইকুয়েডরের কাছে ২-০ গোলে পরাজিত হয়। আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন থেকে শুক্রবার নিশ্চিত করা হয়েছে আগুয়রো গ্রেড টু ইনজুরিতে আক্রান্ত হয়েছে এবং এজন্য তাকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হচ্ছে সিলভা ও আগুয়েরো উভয়ই ম্যানচেস্টার ডার্বি ও চ্যাম্পিয়নস লীগে সেভিয়ার বিপক্ষে খেলতে পারছেন না। বাসস।
