নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় এক বিকাশ এজেন্টের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের হামলায় মহিলাসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে জামিল হোসেন (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ। জামিলের বাড়ি একই মহল্লায়।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে—শনিবার দিনগত রাত আড়াইটার দিকে মহিষভাঙ্গার রমজান আলী বাবলুর বাড়ির দেয়াল টপকে ১০-১২ জন ডাকাত ভেতরে ঢোকে। এ সময় বাবলুর ভাগিনা রেজাউল দরজা খুলে বাইরে এলে ডাকাতরা তাকে জিম্মি করে বাড়ির অন্য সদস্যদের বের হতে বলে। বাড়ির সদস্যরা বাধা দিলে ডাকাতরা তাদের বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তারা ৪টি মোবাইল ফোন সেট, এক জোড়া কানের দুল, ১০ হাজার ২০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
আহতদের মধ্যে গৃহকর্তা রমজান আলী বাবলু ও রেজাউলকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, বাবলুর স্ত্রী রত্না খাতুন ও মেয়ে মেঘলাকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
এ ব্যাপারে বনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দয়াল জানান—এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে কারা জড়িত সেটি জানার চেষ্টা করা হচ্ছে।
