কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে রেলের গেটম্যানসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার জেলার লাকসাম উপজেলায় পৃথক তিনটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, রবিবার বিকালে ময়মনসিংহ হতে চট্টগ্রাগগামী একটি ট্রেন বাগমারা বাজার রেলগেট অতিক্রম করছিল। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়ে কর্তব্যরত গেটম্যান আবদুল হান্নান নিহত হন। ওই গেইটম্যান রেল গেট বন্ধ করে ট্রেন সিগনালের পতাকা আনতে গিয়ে ওই দুর্ঘটনার শিকার হন।
এর আগে সকাল সাড়ে ১১টায় একই রেলপথের গুনবতি ও হাসানপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে ২৪ বছর বয়সী এক যুবক এবং লাকসাম-নোয়াখালী রেলপথের সোনাইমুড়িতে অজ্ঞাতনামা (৫০) এক নারী নিহত হন। লাকসাম রেলওয়ে থানা পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
