বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমী জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ৩ দিনব্যাপী কর্মসূচী রোববার থেকে শুরু হয়েছে। জেলা শিশু একাডেমী ও ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করেছে।
‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত তিন দিন ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু । উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, জয়পুরহাট পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমীর জেলা সংগঠক উমারাণী দাস । পরে ওয়ার্ল্ড ভিশন জয়পুরহাট এডিপির শিশু শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত ও নৃত্যে অংশগ্রহণ করে রিয়া, দিয়া, ডেইজি, জ্যোতি, সম্পা, মাধবী, দীপা, পূজা, সুমি, ত্রয়ী, সুদিপ্ত, তাসনিম, ঔশী, এলিসা, প্রিয়ন্তী, সোহাগী, লিমা ও শানু।
তিন দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শিশু সমাবেশ, কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশু সমাবেশ ও চিত্রাংকন প্রতিযোগিতা, প্রাক-প্রাথমিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, সুবিধা বঞ্চিত শিশু, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
