চট্টগ্রামের মিরসরাইয়ে চালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালাম মিয়া (৪৫), সাইফুল (৪০), রুবেল (২৫), টিপু (৪৫), মনিরুদ্দিন (৪৫), আলম (৩৫), আজাদ (২৫)।
মিরসরাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, নওগাঁ থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। ভোরে ট্রাকটি জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ১১ জন আরোহীর মধ্যে সাত জন নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার তৎপরতা চলছে।
