ভারতের মুম্বাইয়ে লেখক ও পাকিস্তানের সাবেক মন্ত্রী খুরশিদ মাহমুদ কসুরীর বই প্রকাশের বিষয়ে সতর্ক করে দিয়েছিল শিবসেনা। এবার অনুষ্ঠানের আয়োজক সুধেন্দ্র কুলকার্নির মুখে কালি মাখানোর অভিযোগ উঠল শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে।
সুধেন্দ্র জানিয়েছেন, ১০-১৫ জন শিব সৈনিকেরা তার গাড়ি থামিয়ে নেমে আসতে বলে এবং মুখে কালি মাখিয়ে দেয়।
ঘটনার ঘণ্টা দুই পর সুধেন্দ্র কুলকার্নি ও খুরশিদ মাহমুদ কসুরী একটি সংবাদ সম্মেলনে আসেন। সেখানে মুখে কালি মাখা অবস্থাতেই ছিলেন সুধেন্দ্র। সংবাদ সম্মেলনে কসুরীর প্রকাশিতব্য বইটির একটি কপিও প্রদর্শন করা হয়।
খুরশিদ মাহমুদ কসুরীর লেখা বইটির নাম 'Neither a Hawk, Nor a Dove : An insider Account of Pakistan's Foreign Policy'।
অনুষ্ঠানে সুধেন্দ্র জানান, দু'দেশের জনগণ সমস্ত ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। রাজনেতারা তাদের যেদিকে পরিচালিত করছেন সেদিকেই যেতে হচ্ছে তাদের। দুই দেশেই সমস্যা তৈরির করার মতো লোক রয়েছেন। এটি শুধু কোনো একটি দেশের ব্যাপার নয়।
পাকিস্তান সন্ত্রাসকে সমর্থন করে এই অভিযোগ তুলে কসুরীর বই প্রকাশের ব্যপারে হুমকি দেয় শিবসেনা। এর আগে গজল সম্রাট গুলাম আলিকে মুম্বাইয়ে অনুষ্ঠান করতে দেয়নি তারা। খবর: এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়া।
