ঈশ্বরদীতে ৫ জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৫:৫৪
পাবনার ঈশ্বরদীতে বাসায় ঢুকে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকার (৫০) কে হত্যা চেষ্টার ঘটনায় ৫ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আলমগীর কবির। 
 
তিনি জানান, ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে এই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু জিহাদি বই।
 
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার নূরপুর গাংকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রাকিব ওরফে রাব্বি (২২), একই উপজেলা সিংগা পালপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে জিয়াউর রহমান (৩৫), নাজিরপুর নিয়ামতুল্লাহপুর মৃত নওশের প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৬), মজিদপুর মধ্যপাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঘবাড়িয়া গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (৩০)।
 
পুলিশ সুপার আলমগীর কবির আরও জানান, গ্রেফতারকৃত এই ৫ জেএমবি সদস্য যাজক লুক সরকার হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
গত ৫ অক্টোবর সকালে নয়টার দিকে তিন যুবক মোটর সাইকেলযোগে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ভাড়া বাসায় ঢুকে ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে ঈশ্বরদীর ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে।