কে সেরা? মেসি, রোনালদো, পেলে নাকি ম্যারাডোনা? এই প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছে সকল সাবেক ফুটবলারকে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভক্তদের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অনেক কিংবদন্তী। কিন্তু কিংবদন্তীদের কিংবদন্তী পেলের কাছে এই কঠিন প্রশ্নটিও হার মেনে গেল!
পেলে কলকাতা সফরে এলে উপমহাদেশের সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করল- কে সর্বকালের সেরা খেলোয়াড়? উত্তরটা একটু ঘুরিয়ে দিলেন ব্রাজিলের সাবেক লিজেন্ড পেলে। তিনি বললেন, 'অতীতের খেলোয়াড় আর এখন যারা খেলছে তাদের মধ্যে তুলনা করাটা কঠিন।' তবে বর্তমান সময়ের সেরা খেলোয়াড়কে ঠিকই বাছাই করে নিলেন পেলে। সাংবাদিকদের জানালেন, 'অবশ্যই, গত ১০ বছরে মেসিই সেরা খেলোয়াড়।'
পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ও আর্জেন্টাইন তারকা মেসির তুলনা প্রসঙ্গে পেলে বলেন, 'অনেক মানুষ মেসি ও রোনালদোর মধ্যে তুলনা করে। কিন্তু তারা দুজন ভিন্ন ধাঁচের খেলোয়াড়। রোনালদো মূলত গোল করার খেলোয়াড় ... সেন্টার ফরোয়ার্ড। মেসি আরো ভেতরে খেলে। তবে দুজনই চমৎকার।'
