মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে চাল বোঝাই ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপারসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ট্রাকের চালক মেহেরপুর শহরের ইমরান হোসেন (২৩) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
অপরদিকে ট্রাকের হেলপার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালশা গ্রামের উত্তম আলীর ছেলে রতন হোসেন (১৭), বাসের যাত্রী মেহেরপুর শহরের জিল্লুর রহমানের ছেলে কল্লোল হোসেন (২২) ও সদর উপজেলার আলমপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে বদরুজ্জামানকে (২৫) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বাকীরা স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, কুষ্টিয়া থেকে এস আলম (ঢাকা মেট্রো-জ -১৪-১২৮৩) নামে একটি যাত্রীবাহী বাস মেহেরপুরের উদ্দেশে আসছিলো। এসময় চাল বোঝাই একটি ট্রাক (সিলেট ট-১১-১৫০৯) মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় ওলিনগর নামক স্থানে একটি ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের আলোয় দেখতে না পেয়ে সামনে থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাকের মূল চালক সন্জু পাশে বসে ছিলেন। ট্রাকের হেলপার ইমরান ট্রাকটি চালাচ্ছিলেন। এছাড়া ট্রাকটির সামনের হেড লাইটেও ত্রুটি ছিলো। যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
