স্বচ্ছ, নির্ভুল ও নিখুঁত ভোটার তালিকা হবে: নির্বাচন কমিশনার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৭:১৮
‘নির্বাচন কমিশন স্বাধীন এবং স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে। ভোটাধিকার দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। কাজেই লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যাতে হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, নির্ভুল ও নিখুঁত ভোটার তালিকা দেশের মানুষকে উপহার দিবে।’
 
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী এ সব কথা বলেন।
 
জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আরো বলেন, ‘আগামী ১ জানুয়ারির মধ্যে যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের সবাইকে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা হবে। ১৮ বছর বয়সী কেউ যাতে হালনাগাদ ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এবং যারা মৃত্যু বরণ করেছেন তাদের নাম যাতে তালিকায় অন্তর্ভূক্ত না হয় তা গুরুত্ব সহকারে যাচাই করে দেখতে হবে।’
 
নির্বাচন কমিশনার আরো বলেন, ‘২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাতে করে ভোটাররা তাদের নাম ও অন্যান্য তথ্য তালিকায় সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না তা যাচাই করতে পারবেন। এ কাজটি চলবে মধ্য জানুয়ারি পর্যন্ত।’
 
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম আজহারুল হক ও সুনামগঞ্জ পুলিশ সুপার হারুণ অর রশীদ।
 
এতে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা সাদেকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বকুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, সুনামগঞ্জ সিভিল সার্জন মুক্তিযোদ্ধা ডা.আব্দুল হকিম ও কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন।