চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতের আধারে সাবেক প্রধান শিক্ষকের জায়গার উপর গ্যাস পাইপ লাইন বসানোর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভাস্থ চৌধুরী পাড়া এলাকার মৃত সিদ্দিক আহম্মদের ছেলে সাবেক প্রধান শিক্ষক মো. নূরুল আনোয়ারের জায়গার উপর দিয়ে অবৈধভাবে একই এলাকার মো. মাসুদ, জসিম উদ্দিন ও ফারুকের নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী কর্ণফুলী গ্যাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় গ্যাস পাইপ লাইন বসানোর করছিলেন। এ সময় আনোয়ারের ভাড়াটিয়া আসলাম টের পেয়ে তাতে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে বেঁধে রেখে কাজ শেষ করে চলে যায়। মঙ্গলবার সকালে শিক্ষক আনোয়ার ঘুম থেকে উঠে এ অবস্থা দেখে ভাড়াটিয়ার কাছে জিজ্ঞেস করলে ঘটনার কথা জানতে পারেন। এ সময় গ্যাস পাইপ সরিয়ে ফেলার জন্য গ্যাস কোম্পানির কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরসহ থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে জিডি করেন ওই শিক্ষক।
উল্লেখ্য, এর আগে রবিবার বিকাল তিনটায় মো. মাসুদ সন্ত্রাসী নিয়ে গ্যাস পাইপ লাইন বসানোর চেষ্টা করে। ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পুলিশের বাধায় গ্যাস লাইন বসাতে ব্যর্থ হয় সন্ত্রাসীরা। এ সময় তারা শিক্ষক আনোয়ারকে জানে মেরে ফেলার হুমকি দেয়।
