রাজশাহীতে বৃষ্টি ডেকে আনলো শীত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৮:১০
 
গত কয়েকদিনের তীব্র তাপদাহের পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে রাজশাহীতে বৃষ্টি ঝরেছে। কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। এই বৃষ্টি যেন গরমকে বিদায় জানিয়ে শীতের আগমনী বার্তা নিয়ে এলো।
 
অন্য দিনের মত বুধবারের সকালটাও ছিল রোদ্রউজ্জল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। দুপুরের দিকে মেঘে মেঘে ছেয়ে যায় আকাশ। থমথমে প্রকৃতিতে ভ্যাপসা গরম সয়ে প্রত্যাশা ছিল বৃষ্টির। অবশেষে ১টার দিকে ফোঁটায় ফোঁটায় শুরু হয় প্রত্যাশার বৃষ্টি। ১ টা ৫ মিনিট থেকে শুরু করে প্রায় ২টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলে।
তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে নগরবাসী। স্কুল-কলেজ অফিস আদালতে সবখানেই লেগেছে বৃষ্টির আবেশ। হিম শীতল পরিবেশ বিরাজ করছে সবখানে। এ সময় অনেক স্কুল ছুটি হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকেরা দুর্ভোগ পড়েন। ছোট বড় অনেকে অবশ্য বৃষ্টিতে ভিজে মজা করেছেন। তবে নগরবাসীর জন্য তেমন বাড়তি কোনো দুর্ভোগ বয়ে আনেনি বৃষ্টি।
 
নগরীর কাদিরগঞ্জের ব্যবসায়ী শুভ আহমেদ বলেন, সত্যিই এই বৃষ্টিটা ছিল স্বস্তির। গত কয়েকদিন ধরে রাজশাহীতে এত বেশি উত্তাপ ঝরছিল যা ক্রমান্বয়ে সাধারণ মানুষের জীবনকে অস্থির করে তুলেছিল। আজ বৃষ্টি হওয়াতে অনেকটা স্বস্তি ফিরে এসছে নগরজীবনে।
 
আরেক ব্যবসায়ী হায়দার আলী বলেন, 'গত কয়েক রাতধরে শীতল আবহাওয়া বিরাজ করলেও দিনে বেশ গরম পড়ছিল।এই বৃষ্টিই শীতের আগমনী বার্তা নিয়ে আসছে।'
 
স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানায়, মৌসুমী বায়ুর কারণে এই বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী ও তার আশেপাশের কয়েকটি জেলায় এই বৃষ্টিপাত হয়েছে। তাই দেশের অন্তত কয়েকটি জেলার মানুষ খরতাপের যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পেয়েছে।