খুলনায় রাকিব হত্যা মামলায় ৪ দিনে সাক্ষ্য দিলেন ৩২ জন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ০০:০৮

খুলনায় পৈশাচিক নির্যাতনে শিশু রাকিব হত্যা মামলার টানা সাক্ষ্য গ্রহণের চতুর্থ দিনে প্রত্যক্ষদর্শী রঙ বিক্রেতা রবিউল ইসলাম, খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাসসহ ১১ জন আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। এনিয়ে গত চারদিনে ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিলেন।

 
গতকাল বুধবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক (অতিরিক্ত মহানগর দায়রা জজ) দিলরুবা সুলতানা এ সাক্ষ্য গ্রহণ করেন। আজ বৃহস্পতিবার আরও ৭/৮ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
 
আদালতে সাক্ষ্য প্রদানকারীদের অন্যরা হলেন- পুলিশের এসআই তাপস কুমার, এএসআই আল-মামুন, সাক্ষী জহিরুল ইসলাম, তহমিনা, আসাদুজ্জামান, শেখ মোশারফ হোসেন, জাফর খলিফা, খসরুল আলম ও নূরুল ইসলাম। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী ও বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রত্যক্ষদর্শী সাক্ষী রঙ বিক্রেতা রবিউল ইসলামের বরাত দিয়ে বলেন, ‘ঘটনার দিন বিকালে শিশু রাকিব একটি সাইকেলে চড়ে তার (রবিউল) দোকানে রঙ কিনতে যায়। তার কাছ থেকে রঙ কিনে ফেরার পথে আসামি মিন্টু জোর করে রাকিবকে তুলে নিয়ে শরীফের গ্যারেজে নিয়ে যায়। সেখানে আসামিরা রাকিবের উপর নির্যাতন চালায়।’ নিজের গ্যারেজের কাজ ছেড়ে অন্যত্র কাজ নেয়ায় ক্ষিপ্ত হয়ে গত ৩ আগস্ট সন্ধ্যায় মোটরসাইকেলের গ্যারেজ শরীফ মোটর্সের মালিক ওমর শরীফ ও তার কথিত চাচা ও সহযোগী মিন্টু দোকানের ভেতর নিয়ে শিশু রাকিবের পায়ুপথে মোটরসাইকেলের চাকায় হাওয়া দেয়া কমপ্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে রাকিবের শরীর ফুলে যায় এবং পেটের ভেতরে নাড়িভুঁড়ি ছিঁড়ে যায়। ফলে ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাকিব মারা যায়।