আজ বৃহস্পতিবার পয়লা মহররম। শুরু হলো আরবি নববর্ষ, হিজরী ১৪৩৭। বাংলাদেশের আকাশে গতকাল বুধবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ই মহররম ২৪ অক্টোবর শনিবার পবিত্র আশুরা পালিত হবে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব ও চাঁদ দেখা কমিটির সদস্য চৌধুরী মো. বাবুল হাসান। আশুরার দিন সরকারি ছুটি পালিত হবে।
হিজরি সনের সম্পর্ক চাঁদের সঙ্গে। এ জন্য এটাকে চান্দ্র বর্ষও বলা হয়। যেহেতু চাঁদ দেখার সঙ্গে হিজরি মাসের সম্পর্ক এ জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ইবাদতের সময় সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণা দেয়া হয়। ৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর আল্লাহর নির্দেশে মহানবী মদিনায় হিজরত করেন। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা ৬২২ খ্রিস্টাব্দের ১৪ বা ১৫ জুলাইয়ের সূর্যাস্তের সময়কে হিজরি সন শুরুর সময় হিসাবে নির্ধারণ করেছেন। ১৭ হিজরি থেকে তত্কালীন মুসলিম বিশ্বের খলিফা হজরত ওমর (রা.)-এর শাসনামলে হিজরি সন গণনা শুরু হয়।
