একটি ম্যালওয়্যার ব্যবহার করে ব্যাংক গ্রাহকদের অনলাইন অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য চুরি করে নেওয়ার মাধ্যমে প্রায় ২০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার) হাতিয়ে নিয়েছে একদল হ্যাকার। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এই তথ্য জানিয়েছে।
মূলত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে খুবই স্বল্প পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে তারা এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতে সমর্থ হয়। স্বল্প পরিমাণ অর্থের লেনদেনের কারণে গ্রাহকরাও এই লেনদেনগুলো শনাক্ত করতে পারেননি।
এনসিএ জানিয়েছে, ‘ড্রাইডেক্স’ নামের একটি ট্রোজান ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে এই ঘটনায়। ইনভয়েজ বা সংশ্লিষ্ট কোনো ডক্যুমেন্টের প্রতিরূপ হিসেবে এটি ব্যাংক অ্যাকাউন্টধারীর ইমেইলে হাজির হয়। এরপর এটি ওই পিসিতে ইনস্টল হয়ে তার দখল নিয়ে থাকে। এই ম্যালওয়্যারটি পিসিতে ইনস্টল হয়ে গেলে তা ব্যবহারকারীর অজান্তেই ওই পিসি থেকে পরিচালিত অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের সব তথ্য হাতিয়ে নিতে পারে এবং সংশ্লিষ্ট হ্যাকারের কাছে তা পাঠিয়ে দিতে পারে।
ফলে হ্যাকাররা ওই অনলাইন অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে ব্যবহারকারীর অজান্তে বিভিন্ন লেনদেন সেরে ফেলতে পারে। এমন কয়েক হাজার অ্যাকাউন্টকে আক্রান্ত করে প্রতিটি অ্যাকাউন্ট থেকে অল্প পরিমাণ অর্থ সরিয়ে নিয়ে বিরাট অংকের অর্থ হ্যাকাররা হাতিয়ে নিতে সমর্থ হয়েছে বলে জানান ইউরোপোলের একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড।
এফবিআই এবং অন্যান্য সংশ্লিষ্ট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানগুলোর সাথে এনসিএ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হ্যাকারদের খুঁজে বের করতে কাজ করছে এবং এর মধ্যেই একজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।
