গাইবান্ধা ডিবি অফিসে এমপি লিটন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১২:৩১
শিশু সৌরভকে গুলি করে আহত মামলার আসামি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের পর গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের একটি দল এমপি লিটনকে নিয়ে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছায়। আজ তাকে গাইবান্ধা বিচারিক আদালতে নেয়া হবে বলে জানা গেছে। 
 
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হাসান সর্দার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল এমপি লিটনকে সকাল সাড়ে ৬টার দিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসেন।'
 
এর আগে বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির উপ-কমিশনার নাজমুল আলম।
 
সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় সৌরভের বাবা বাদি হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।