পাবনার চাটমোহর রেলস্টেশনে বুধবার বিকালে র্যাবের অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারীর সঙ্গে জড়িত চারজনকে আটক হয়। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। বুধবার বিকালে র্যাব-১২ পাবনার উপ-পরিচালক কোম্পানি কমান্ডার শেখ মনিরুজ্জামান অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেহেলী লায়লা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামের লাল চাঁদ শেখের ছেলে আইনুল হোসেন (৩৮), একই এলাকার তোরাপ আলির ছেলে আবু হানেফ (৪৫), মহেশপুর গ্রামের মৃত আবু হোসেনের ছেলে আল-হোসেন আলাল (৩৫) ও একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মহারাজ হোসেন (৩২)।
গোপন সংবাদের ভিত্তিতে পাবনার উপ-পরিচালক কোম্পানি কমান্ডার শেখ মনিরুজ্জামারে নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। অভিযানে ৪ টিকিট কালোবাজারীকে টিকিটসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪টি চাটমোহর-ঢাকা গামী বিভিন্ন ট্রেনের টিকিট এবং তাদের ব্যবহৃত ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। তাদের চাটমোহর রেলস্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে এ দণ্ডাদেশ দেন।
