নরসিংদীর প্রধান শিল্পকেন্দ্র বাগহাটা (সাহেপ্রতাপ) এলাকার এক শিল্পপতি মো. ইয়াজউদ্দিন মৃধাকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আলম টেক্সটাইল মিলের মালিক ইয়াজউদ্দিন বাদী হয়ে সম্প্রতি নরসিংদী সদর মডেল থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, ইয়াজউদ্দিন মৃধা বাগহাটায় বাদল মিয়ার কাছ থেকে ২ শতাংশ জমি কেনেন। তিনি ক্রয়কৃত এই জমিতে উন্নয়নমূলক কাজ করতে গেলে এলাকার মনছুর আলী ও তার সঙ্গপাঙ্গরা মৃধাকে বাধা দেন। পরে এ ব্যাপারে মামলা করলে এই মামলার প্রেক্ষিতে এসআই ফারুক ঘটনা তদন্তে নামেন। শিল্পপতি ইয়াজউদ্দিন হত্যার আশংকা ব্যক্ত করে রিপোর্ট প্রদান করেন এসআই ফারুকের কাছে। এছাড়া ভূমি দস্যু সন্ত্রাসীরা ইয়াজউদ্দিনের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলেও বারবার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি নন এফআই আর রুজু করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মনছুর বাহিনীর সদস্য শাহজাদা একই মৌজায় সড়ক বিভাগের জায়গা দখল করে সেখানে স্থায়ী নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। জনগণের অভিযোগের পরও সংশ্লিষ্ট সড়ক বিভাগের কর্মকর্তারা এই স্থাপনা ভাঙ্গতে সাহস পাচ্ছেন না।
