রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন তিনি বার্নাব্যুতেই অবসর নিতে চান। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো।
দুদিন আগে চতুর্থবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন রোনালদো। চারবার এই পুরস্কার জয়ের রেকর্ড আর কারো নেই। তিনবার জিতেছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন রোনালদো। এক প্রশ্নের জবাবে সিআর-সেভেন বলেন, আমি আরো শিরোপা জিততে চাই। আমি এখনো নিজেকে তরুণ অনুভব করি। আমার বয়স কেবল ৩০, আরো পাঁচ-ছয় বছর খেলার ইচ্ছা আমার। জানি এটা কঠিন হবে, তবে আমার বিশ্বাস এটা সম্ভব। আমি আগেই বলেছি, রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখি আমি।’ রেকর্ড চতুর্থবার গোল্ডেন বুট জয়ের ব্যাপারে রোনালদো বলেন, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার, এ পর্যন্ত যেসব পুরস্কার জিতেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন ফরোয়ার্ডের কাজই গোল করা। চারবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতাটা আমার জন্য অনেক সম্মানের। এ মৌসুমে ব্যক্তিগত ও দলীয় লক্ষ্য নিয়ে রিয়াল ফরোয়ার্ড বলেন, আমি পঞ্চম গোল্ডেন বুট জিততে চাই, তারপর ষষ্ঠ। সব সময়ই রিয়াল মাদ্রিদের লক্ষ্য থাকে শিরোপা জেতা, এবারও এর ব্যতিক্রম নয়। আমরা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কাপ (কোপা দেল রে) জিততে চাই। মার্কা।
